আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় জনতা ব্যাংক লিমিটেডের জিএমসহ সাবেক ১১ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত ওই তলবি নাটিশে ১১ কর্মকর্তাকে আগামী ৫ ও ৮ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
নোটিশে আগামী ৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের লোকাল অফিসের সাবেক ফার্স্ট এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এফএজিএম) ও ম্যানেজার (আইসিডি) শাসসুন্নাহার বেগম, সাবেক এজিএম মো. আফজাল হোসেন, সাবেক ডিজিএম মো. নজরুল ইসলাম, সাবেক জিএম মো. নুরুজ্জামান ও এফএজিএম মো. এনামুল হককে সকাল ১০টা থেকে ১২ টার মধ্যে দুদকে হাজির হতে বলা হয়েছে।
আর আগামী ৮ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের লোকাল অফিসের সাবেক এফএজিএম মো. মুশফিকুর রহমান, সাবেক অ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ অফিসার (আইসিডি) ইসরাফিল সিকদার, সাবেক এফএজিএম (আইসিডি) এম এ মতিন, সাবেক ম্যানেজার (আইসিডি) মো. মাহফুজুর রহমান, সাবেক এজিএম (আইসিডি) পূর্ণেন্দু কুমার রায়, সাবেক এজিএম (আইসিডি) সাগর আহমেদকে সকাল ১০টা থেকে ১২ টার মধ্যে দুদকে হাজির হতে বলা হয়েছে।
জানা যায়, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওই ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
একে, জেএ





