ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আজ বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: আসাদুজ্জামান জানান, আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আসামিদের জিজ্ঞাসাবাদ করার পর ইভ্যালি প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
গতকাল (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে আরিফ বাকের নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
এমবি





