গুলশান হামলার পরিকল্পনাকারী তামিম চৌধুরীর ‘ঘনিষ্ঠ সহযোগী’ সালাউদ্দিন কামরানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এ গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, সালাউদ্দিন কামরান নিষিদ্ধঘোষিত নব্য জেএমবির সদস্য হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রচার চালাতেন। তামিম চৌধুরীর ‘ঘনিষ্ঠ সহযোগী’ সালাউদ্দিন। তিনি কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত আবু হাকিম নাইমেরও ঘনিষ্ঠজন।
গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন তামিম চৌধুরী। এর আগে গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হন আবু হাকিম নাইম।
মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানিয়েছেন, কল্যাণপুরে জঙ্গি অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে সালাউদ্দিন কামরানকে। ১০ দিনের রিমান্ড চেয়ে আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদ মহিবুল ইসলাম খান আরও বলেন, জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন জানিয়েছেন, জঙ্গি আদর্শে দীক্ষিত হওয়ার পর তিনি গত মে মাসে ঢাকায় চলে আসেন। নব্য জেএমবির কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করতে তিনি বিভিন্ন পর্যায়ে প্রচার কার্যক্রম চালাতেন। কল্যাণপুর অভিযানে আহত রাকিবুল হাসান রিগ্যানের কাছে মিরপুরের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তানায় তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। দেশীয় উগ্রপন্থী ইসলামি সংগঠনের সহায়তায় দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তিনি।
এসএ





