সিআইডির প্রধান কার্যালয়ের সাবেক পরিদর্শক এ. কে. এম. শফিকুল ইসলাম ও তার পরিবারের  স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক  মো.  গোলাম মোস্তফা এ নোটিশ পাঠান।
জানা গেছে, ৭ কার্যদিবসের মধ্যে শফিকুল ইসলামের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় সম্পদ, দায়- দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত হিসাব দাখিল করতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৬ এর উপ-ধারা (১) অনুসারে তাকে এই সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে অথবা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করলে আইন অনুসারে শাস্তির ব্যবস্থার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সিআইডির  সাবেক ওই পুলিশ কর্মকর্তা জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে- বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তা প্রমাণিত হওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের  নোটিশ করা হয়েছে। তিনি সম্পদ বিবরণী দাখিল করলে আসল তথ্য উদঘাটন হবে বলে দুদক মনে করে।
[b]ঢাকা, একে, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]