মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মহিদুল আলম মহিদকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করায় তাকে গণধোলাই দেয়া হয় বলে জানা যায়। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

দ্বারিয়াপুর গ্রামের ওই গৃহবধূ জানান, রবিবার রাত সোয়া ১টার দিকে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে তিনি দরজা খুলে চেয়ারম্যান মহিদকে দেখতে পান। পরে চেয়ারম্যান ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।তাঁর চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এসে চেয়ারম্যানকে ধরে গণপিটুনি দেন।

শ্রীপুর থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান মহিদুল আলমকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রীপুর থানায় একটি মামলা করেছেন।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ