রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়া গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে আল আরাফাত সজল (২২) নামে যুবলীগের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাভারের কাউন্দিয়া সিংগাশ্বর গ্রামের তুরাগ নদী থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সজল বিরুলিয়া গ্রামের কৃষক ওম্মত মিয়ার ছেলে এবং বিরুলিয়া ৬ নং ওয়ার্ড যুবলীগের সদস্য। এ ঘটনায় এলাকাবসী রকি নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানান, গত সোমবার রাতে কাকাবর চৌধুরীর টেকঘাট এলাকায় মোবাইল ফোনে সজলকে ডেকে নেন তার প্রতিবেশী শাহাজ উদ্দিনের ছেলে রকি।
এরপর রকি ও আলতাফসহ কয়েকজন গভীর রাতে সজলকে তুরাগ নদীতে নৌকায় নিয়ে হাত-পা ও মুখ বেঁধে রড দিয়ে পিটিয়ে এবং গুলি করে হত্যা করে।
পরে তারা লাশ তুরাগ নদীতে ভাসিয়ে দেয়। পরিবারের সদস্যরা সজলকে না পেয়ে সাভার মডেল থানায় একটি জিডি করেন।
বৃহস্পতিবার সকালে কাউন্দিয়ার সিংগাশ্বর তুরাগ নদীর মামুন মিয়ার প্লটে সজলের লাশ দেখতে পায় জেলেরা। সাভার মডেল থানায় খবর দেয়া হলে পুলিশ তার গুলিবিদ্ধ এবং হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সকালে এলাকাবাসী রকিকে তার বাড়ি থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করেছে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় রকিকে আটক করা হয়েছে। তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই তারিকুল।
এসএ





