নাশকতার দুই মামলায় অসুস্থ ও বার্ধক্যের কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এদিকে নাশকতার আরও নয় মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন দলের যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান।

এমকে আনোয়ারের পক্ষে করা জামিন আবেদনের শুনানি করে রবিবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি আশীষরঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে এমকে আনোয়ারের পক্ষে শুনানি করেন— আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে জামিনের বিরোধিতা করে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।

পরে আইনজীবী এ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, নিজ এলাকা চৌদ্দগ্রামে হরতাল অবরোধের সময় গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগ এনে দু’টি মামলায় আসামি করে বিএনপির এ সিনিয়র নেতার বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় জামিন চেয়ে গত ৩০ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন এমকে আনোয়ার।

আইনজীবী বলেন, শারীরিক অসুস্থতা, বয়সের ভার, মামলার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার বিষয়গুলো আদালত আমলে নিয়ে এমকে আনোয়ারের জামিন দিয়েছেন।

গত জানুয়ারি মাসে এমকে আনোয়ারের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলাগুলো করেছিল পুলিশ। বর্তমানে এমকে আনোয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। তার নামে আওয়ামী সরকারের দুই আমলে ২০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১২টি মামলা দায়ের করা হয় চলতি বছরে নাশকতা ও গাড়ি পোড়ানোর অভিযোগ এনে।

জেআই

এ সকল মামলার মধ্যে তাকে এক মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তিনি ১৮ মামলায় জামিনে আছেন। বাকি দুই মামলায় জামিন পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

এদিকে বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানকে নাশকতার আরও নয় মামলায় জামিন দিয়েছেন হাইকোর্টে। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষরঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে রবিবার এ আদেশ দেন।

চলতি বছরের জানুয়ারিতে গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা নয় মামলায় জামিন দেন আদালত। এ মামলাগুলোতে জামিনের মেয়াদ ছয় মাসের থাকবে বলে জানিয়েছেন আইনজীবী সগীর হোসেন লিওন।

আদালতে আমানের পক্ষে শুনানি করেন সুপ্রীম কোর্ট বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট সগীর হোসেন লিওন। জামিনের বিরোধিতা করে আদালতে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে আমানের বিরুদ্ধে এই তিন থানায় এ মামলাগুলো দায়ের করে পুলিশ। আমান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

এ নিয়ে তার বিরুদ্ধে মোট ৬৯ মামলায় ৩১টিতে জামিন পেলেন আমান উল্লাহ আমান।