বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানায় হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণকারী তিন বিচারপতিকে বিশেষ নিরাপত্তা প্রদানের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বিশেষ বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে তাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য এই আদেশ দেন। এই বেঞ্চেই পিলখানা হত্যা মামলায় দায়ের করা সকল ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দফতরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা সদস্যসহ ৭৪ জনকে হত্যার দায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ে খালাসপ্রাপ্ত ২৭৭ জনের মধ্যে ৬৯ জন আসামির সাজা চেয়ে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত ৪১০ জন আসামির সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন তাদের আইনজীবীরা।

গত ৪ জানুয়ারি রাতে সকল ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিলের শুনানির জন্য হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চটি গঠন করেন প্রাক্তন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। প্রথমবারের মতো এ বেঞ্চ বসে ৫ জানুয়ারি। ওই দিন এ মামলার বিরতহীন শুনানির জন্য ১৮ জানুয়ারি শুনানি শুরুর দিন ধার্য করে দেন বিশেষ বেঞ্চ। এরপর ধার্য তারিখেই শুনানি শুরু হয়।

পিলখানায় সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে মোট সাজাপ্রাপ্ত ৫৭৫ আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন তৎকালীন ডিএডি তৌহিদসহ ১৫২ জন বিডিআর সদস্য। তাদের মধ্যে ১৪ জন পলাতক রয়েছেন।

বিশ্বের ইতিহাসে একটি মামলায় সবচেয়ে বেশি আসামির ফাঁসির আদেশের রেকর্ড গড়েছে এ রায়টি। এ ছাড়া বিএনপি দলীয় প্রাক্তন সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু (প্রয়াত) ও স্থানীয় আওয়ামী লীগের নেতা তোরাব আলীসহ ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এমএইচ