অবশেষে দল থেকে বহিষ্কার হলো ইউএনওর বিরুদ্ধে মামলা কারী সেই আ’লীগ নেতা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়দুল্লাহ।

স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে ছাপানো আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বিকৃত’ছবি ছাপানো হয়েছে এমন অভিযোগ এনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি।  

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকাল ৫টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে কার্ড ছাপানোর অভিযোগে একজন ইউএনও গ্রেফতারের ঘটনা পত্র-পত্রিকায় দেখে প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তারাও বিস্ময়ে হতবাক হয়ে যান।  ঘটনার পরপরই তারা বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা সবাই, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেদিন যত কর্মকর্তা ছিলেন, এটি দেখে আমরা সকলেই বিস্মিত হয়েছি। যে ব্যক্তি এই মামলা করেছেন, আমরা মনে করি তিনি অত্যন্ত ঘৃণিত কাজ করেছেন।’

এইচ টি ইমাম জানান, তিনি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীকে একজন ইউএনওকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার এই ছবিটি দেখান। এইচ টি ইমাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, ছবিটি দেখে তিনি বিস্মিত হলেন। ‘প্রধানমন্ত্রী বললেন, ক্লাস ফাইভের ছেলে-মেয়েদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করে এই অফিসার সুন্দর একটি কাজ করেছেন।এবং সেখানে যে ছবিটি আঁকা হয়েছে, সেটি আমার সামনেই আছে, আপনারা দেখতে পারেন।  এই ছবিটিতে বিকৃত করার মতো কিছু করা হয়নি।  এটি রীতিমত পুরস্কার পাওয়ার যোগ্য।  এই অফিসারটি রীতিমত পুরস্কার পাওয়ার যোগ্য।  আর সেখানে উল্টো আমরা তার সঙ্গে এই করেছি, এই বলে প্রধানমন্ত্রী তিরস্কার বললেন, এটি রীতিমত নিন্দনীয়।

ইমন