অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ভুল তথ্যের ভিত্তিতে মামলা করেছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৪ আসনের এমপি (সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী) মাহবুবুর রহমান।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বুধবার দুপুর ১টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় অনেক তথ্য বিভ্রাট রয়েছে। তথ্যগত ভুলে মামলাটি হয়েছে। মোট ২৬ একরের কিছু বেশী জমি রয়েছে আমার নামে। আমার অবৈধ কোনো সম্পদ নেই।’
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। কমিশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।
মাহবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, তিনি মোট ৫ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। মালিকানা অর্জনের উদ্দেশ্যে তিনি ওই সম্পত্তির রেজিস্ট্রি বায়নানামা সম্পাদন করেছেন। এ ছাড়া ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মিথ্যা তথ্য প্রদান করেছেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা (মামলা নং-৩৬) করে দুদক।
এএইচ





