মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর চূড়ান্ত রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবা ভোর ৬টা থেকেই কোর্ট এলাকায় অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তারা সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট এবং বার কাউন্সিলের গেটে সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে। প্রত্যেকের দেহ ও ব্যাগ তল্লাশি শেষে তাদের প্রবেশ করতে দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আদালতের আশেপাশেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো।
মঙ্গলবার সকাল ৯টার পর জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামলার রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেবেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
এসটি





