নিহত পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেনের বয়স ৫৮ বছর। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের জুরাইন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিনবাজার এলাকা থেকে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে একটি পোশাক কারখানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে ১০ থেকে ১৫ জন তাদের ওপর হামলা চালায়। এতে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুল ইসলাম (২৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই পোশাক কারখানাটি পরিচালনা করতেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার জহিরুল ইসলামের অন্য সহযোগীদেরও শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস