বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আগামী আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলা বাতিলে এর আগে হাইকোর্টের হাইকোটের দেওয়া রুল খারিজ করে আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত ১০ জানুয়ারি জোবায়দা রহমানের দায়ের করা রুল রিট শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন।
আদালতে জোবায়দা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
২০১৫ সালের ২ নভেম্বর ডা. জোবায়দা রহমানের দায়ের করা আবেদনে দেওয়া রুল শুনানিতে বিব্রতবোধ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
পরে প্রধান বিচারপতি জোবায়দা রহমানের আবেদনটি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেন।
মামলার বিবরণে জানা যায়, তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
এ মামলায় ২০০৮ সালের ৩১ মার্চ দুদক অভিযোগপত্র দেয়। পরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই বছরের ৮ এপ্রিল তাঁর বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন। এর পর থেকে জোবায়দার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সালে স্ত্রী-মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে যান। এর পর থেকে তাঁরা সেখানেই রয়েছেন।





