বাংলালিংকের শীর্ষস্থানীয় ২ বিদেশী কর্মকর্তার বিরুদ্ধে সরকারের আয়কর ফাকিঁ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই ২ বিদেশী নাগরিকের মধ্যে একজন মিশরীয় নাগরিক ইয়াসের আবদেল হাকিম মোহাম্মদ আবদেল ওহাব এবং অপরজন ফিলিপাইনের নাগরিক রিভিয়েরা হোরাঠোর।
জানা যায়, গত ২৯ ডিসেম্বর দুদকের এক অফিস আদেশে এই ২ বিদেশী নাগরিকের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখাকে দায়িত্ব দেয়া হয়। বর্তমানে দুদকের উপ পরিচালক শেখ মো. ফানাফিল্যার তত্ত্ববধানে এ অভিযোগটি অনুসন্ধান শুরু করেছেন সহকারি পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন।
অভিযোগ বলা হয়েছে, ওই ২ বিদেশী নাগরিক বাংলাদেশে অবৈধভাবে চাকরি করছেন। তারা সরকারের আইন ও বিধি অমান্য করে অর্থাৎ বিনিয়োগ বোর্ডের অনুমতি ছাড়াই একটি প্রতিষ্ঠিত মোবাইল ফোন কোম্পানী 'বাংলা লিংক কোম্পানীতে' শীর্ষস্থানীয় পদে মোটা অংকের বেতনে চাকরি করছেন। শুধু তাই নয়, তারা চাকরি থেকে প্রাপ্ত আয়ের একটা অংশ বাংলাদেশ সরকারকে আয়কর দিচ্ছে না এবং বাংলাদেশ থেকে প্রচুর অর্থ তাদের নিজ দেশে পাচার করছেন।
এ ২ বিদেশী নাগরিকের বিরুদ্ধে দুদক মানিলন্ডারিং অপরাধের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে 'বাংলা লিংক কোম্পানীর'কাছ থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে দুদক কর্মকর্তারা।
একে





