পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ভ্লাদিমির শভেট (৫২) কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

গতকাল শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টায় ঈশ্বরদীর রুপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন কাজাখস্তানের আরও এক নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, নিহত ভ্লাদিমির শভেটের পিঠের দিকে ৪ থেকে ৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা জানার পর পুলিশ ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রুপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ভাষাগত সমস্যার কারণে পুরো ঘটনা বুঝতে সমস্যা হচ্ছে পুলিশের। আরও তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

এবিএস