প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩১ ডিসেম্বর দিন ধার্য্য করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আতাউল হক সোমবার এ দিন ধার্য্য করেন।
এ মামলাটি হাইকোর্টের শুনানির অপেক্ষায় থাকায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য্য করেন।
আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য আ হ ম হান্নান শাহ ,গয়েশ্বর চন্দ্র রায়,মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৪০ জন উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামায়াত নেতা মকবুল হোসেনসহ এ মামলার চার আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।
এ ঘটনায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
চলতি বছরের ২৫ মে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক নূরুল আমীন মির্জা ফখরুলসহ আরও ১০ জনকে যোগ করে মোট ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এএইচ





