প্রধানমন্ত্রীর নির্দেশে ২টি শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত করেছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর গুলশানে নিজ বাসায় একটি সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
আনিসুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ৬ মাসের জন্য তার সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। দুইটি শর্তে তাকে মুক্তি দেয়া হচ্ছে। সেগুলো হলো, এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।
উল্লেখ্য, ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায়ের পর ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন। পরে ওই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। অন্যদিকে ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ দুর্নীতি মামলাতেও তার ৭ বছরের কারাদণ্ড হয়।
শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ০১ এপ্রিল থেকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে রাখা হয়েছে খালেদা জিয়া। তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৩৬টি রয়েছে।
এমবি





