বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য আরেকটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ১২ জুলাইয়ের মধ্যে এই মেডিকেল বোর্ডকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ১৩ জুলাই বিএনপি নেতার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।

ফখরুলের আইনজীবী এ কে এম এহসানুর রহমান বলেন, আদালত পাঁচ সদস্যের আরেকটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ১২ জুলাইয়ের মধ্যে এই মেডিকেল বোর্ডকে ফখরুলের শারীরিক পরীক্ষার প্রতিবেদন দিতে হবে।

শারীরিক পরীক্ষার প্রতিবেদন আদালতের হাতে না পৌঁছানোয় গতকাল ফখরুলের জামিন আবেদনের বিষয়ে আদেশ হয়নি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল এ আদেশের জন্য দিন ধার্য ছিল।

পল্টন থানায় নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন থাকবে কি না, এ বিষয়ে গত রোববার আপিল বিভাগে আদেশের দিন ধার্য ছিল। ওই দিন আদালত মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ৮ জুলাইয়ের মধ্যে ওই মেডিকেল বোর্ডকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চলতি বছরের শুরুতে ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি। সবগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। আর পল্টন থানার তিনটি মামলায় হাইকোর্টের জামিনের বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।

কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন হাইকোর্টের নির্দেশে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন।

এএইচ