ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে জামিন দিয়েছেন ফরিদপুরের  আদালত। ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির মামলায় আদালতে সশরীরে হাজির হয়ে জামিন পেয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন মাহফুজ আনাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম তাঁকে এক হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, আসামির বিরুদ্ধে আবেদনকারীর যে অভিযোগ তা জামিনযোগ্য অপরাধ। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামিকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ ২৯ মে ধার্য করা হয়েছে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ বেপারী গত ২২ ফেব্রুয়ারি ওই আদালতে ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করে ১৫ মার্চ তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

এমবি