নাশকতার আরো তিনটি মামলায় জামিন পেলেন সাংবাদিক নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে মুগদা থানার দুটি ও পল্টন থানার একটি মামলা। সরকারবিরোধী আন্দোলনের সময় চলতি বছরের জানুয়ারি মাসে এসব মামলা দায়ের করে পুলিশ।

গতকাল সোমবার রমনা থানার দু’টি ও খিলগাঁও থানার একটি মামলায়ও শওকত মাহমুদকে জামিন দেন একই বেঞ্চ। এ নিয়ে মোট আট মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোরশেদ আল মামুন।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথের সামুরা কনভেনশন সেন্টারের সামনে থেকে শওকত মাহমুদকে আটক করা হয়। সামুরাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। শওকত মাহমুদ ওই সংবাদ সম্মেলনে যোগদানের জন্য সেখানে গেলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও পুলিশ সামুরা কনভেনশন সেন্টারটি তালা লাগিয়ে দেয়। পরে তাকে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

এআই