মানিকগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানিকারী বাস হেলপার মামুনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার মামুনকে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আদালত মামুনকে তিন দিনের রিমান্ড দেয়।
এর আগে, শুক্রবার মানিকগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বাস সহকারী মামুন ঢাবির ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করে।
পরে ঢাকায় এসে সে দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাসের হেলপার মামুনকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের সহকারী কমিশনার মাসুদ আহমেদ জানান, ঢাকা-মানিকগঞ্জের একটি বাসে লাঞ্ছিত হন ঢাবির ওই ছাত্রী।
পরে তিনি বাসের হেলপার মামুনের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মামুনকে গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ওই ছাত্রী নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় আসছিলেন।
কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন।
এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। একপর্যায়ে বাসচালকের সহকারী মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন।
তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনও মামুন তাকে গালিগালাজ করেন। পরে ওই ছাত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন।
এসএইচ





