এখনও সমঝোতায় আসতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরান (৫৮) ও জাপানি নাগরিক নাকানো এরিকো (৪৬) দম্পতি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এই দম্পতি ও তাদের দুই মেয়ে শিশুসন্তানকে নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ আদেশ দেবেন।

তবে এরিকো স্বামী-সন্তান নিয়ে টোকিওতে গিয়ে নতুন করে সংসার করতে চান বলে তাঁর আইনজীবীর মাধ্যমে আবেদন জানিয়েছেন।

জাপানি নারী এরিকোর আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বলেন, এমন একটি প্রস্তাব নাকানো এরিকোর পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে স্বামী শরীফ ইমরানের আইনজীবী ও তাদের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবটি আজ আদালতে উপস্থাপন করা হবে। দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

আইনজীবী শিশির মনির বলেন, “আদালতের নির্দেশনার আলোকে ইমরান শরীফের আইনজীবীদের সঙ্গে বসেছিলাম। দুই শিশুর মায়ের পক্ষ থেকে আমরা তাদের প্রস্তাব জানিয়েছিলাম। কিন্তু প্রস্তাবের বিষয়ে তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এরিকো চায় সব কিছু ভুলে স্বামী-সন্তান নিয়ে জাপানে গিয়ে আবারও নতুন জীবন শুরু করতে।”

আদালতে জাপানি মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাবার পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও তাঁর সঙ্গে ছিলেন মো: মোস্তাফিজুর রহমান।

এমবি