দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

উচ্চ আদালত থেকে এমন পর্যবেক্ষণ দিয়ে বিচারিক আদালতে আগামী ছয় মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার (২০ মে) ৬৮ পৃষ্ঠার রায় প্রকাশ পায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।

সোমবার (২৪ মে) আদেশের বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশিদ আলম খান। তিনি বলেন, ‘সাবেক মন্ত্রী আমিরুল ইসলামের করা এক মামলায় রায় হয় ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি। রোববার (২৩ মে) ওই রায়ের কপি আমরা হাতে পেয়েছি। সেই রায়ে বলা হয়েছে, মামলায় যে সকল আসামি আছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আছেন।’

এমআর