বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানার মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় আইনজীবী জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম(এমএম) তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া পরবর্তী এ দিন ধার্য করেন।
এ মামলায় অন্য অভিযুক্তরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার এসআই আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৩ সালের ২০ মার্চ গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রুহুল আমিন মুন্সী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এমকে





