হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন মোস্তফা জামান। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডিতে তিনি জানান, গত ১৩ই আগস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ই আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে সাঈদী মৃত্যুবরণ করেন।

জিডিতে ডা. জামান আরও লিখেছেন, বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার ম্যাসেঞ্জারে ভীতি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

জিডিতে তিনি বলেন, আমি বর্তমানে কতিপয় ব্যক্তিদের আচরণে ভীত ও শঙ্কিত। কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারীরা যেকোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতি করতে পারে। মূলত এসব বিষয় উল্লেখ করে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন তিনি।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে প্রাণনাশের হুমকির বিষয়ে তিনি থানায় হাজির হয়ে একটি জিডি করেছেন। জিডিতে তিনি ফেসবুক গ্রুপ ও ম্যাসেঞ্জারে হুমকির বিষয়ে তথ্য দিয়েছেন।

এনইউশো