অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাসদ সদস্য আবদুর রহমান বদির জামিন স্থগিত হয়নি।

বদির জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।

ওই মামলায় গত সোমবার বদির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এতে স্থগিতাদেশ চেয়ে পরদিন আবেদন করে দুদক। আজ এ আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও বদির পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু শুনানি করেন।

আবদুল মতিন খসরু বলেন, ‘আদালত আবদুর রহমান বদির জামিনের আদেশ স্থগিত করেননি। তাই জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ বহাল থাকল। এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনও বাধা নেই।’

খুরশীদ আলম খান বলেন, ‘আদালত নো অর্ডার দিয়েছেন। নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। আশা করছি, কাল (বৃহস্পতিবার) লিভ টু আপিল করা যাবে।’

গত ২১ আগস্ট বদির বিরুদ্ধে রমনা থানায় ওই মামলাটি করে দুদক। ১২ অক্টোবর এ মামলায় সাংসদ বদি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমপর্ণ করে জামিন চান। আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ অক্টোবর মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেন। এ আদেশের পর বদি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন (রিভিশন) করেন।

অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম (এক কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা) দেখানোর অভিযোগে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহান।

কেএইচ