বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৫ নম্বর সাক্ষীর জেরা চলছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে জেরা শুরু হয়।

মামলার ১৫ নম্বর সাক্ষী সোনালী ব্যাংক ঢাকা ক্যান্টনমেন্ট শাখার ক্যাশ অফিসার ওয়ালিদ আহমেদকে জেরা করছেন আইনজীবী আমিনুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। বুধবার (২১ অক্টোবর) বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।

এর আগে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষী স্ট্যান্ডার্ড চাটার্র্ড ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার নওশাদ মোহাম্মদ, রিলেশনশিপ ম্যানেজার আমিরুল ইসলাম, কাস্টমার সার্ভিসেস ম্যানেজার অলোক কান্তি চক্রবর্তীকে জেরা করেন খালেদার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান।

এছাড়া এ মামলায় নতুন করে চার জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এরা হলেন- সোনালী ব্যাংক ঢাকা ক্যান্টনমেন্ট শাখার ক্যাশ অফিসার ওয়ালিদ আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. মামুনুজ্জামান, মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের সাবেক সিনিয়র অফিসার সাইফুল আলম ও মেট্রো মেকার্স কর্মকর্তা চৌধুরী এম এন আলম।

সাক্ষ্যগ্রহণ শেষে ২৯ অক্টোবর তাদের আবারও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওইদিন আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করবেন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

গত বছরের ৭ মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন মামলা দু’টির বিচারিক কার্যক্রম ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালত ভবনের পরিবর্তে বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে চালানোর আদেশ জারি করে।

এমএইচ