গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এএইচ