রাজধানীর কামরাঙ্গীরচরে গৃহবধূ নার্গিস হত্যা মামলায় দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একই মামলায় আসামি মেহেদীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে ফারুক এবং জাকির হোসেন টিপুর আদালতে পারভেজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মহানগর হাকিম কায়সারুল ইসলাম আসামি মেহেদীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্বীকারোক্তি দেওয়ার পর আদালত ওই দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কামরাঙ্গীর চর থানার উপ-পরিদর্শক মো. হেমায়েত হোসেন আসামিদের আদালতে হাজির করে মেহেদীর ১০ দিনের রিমান্ড এবং ওই দুই আসামির জবানবন্দি নেওয়ার আবেদন করেন।

রোববার দিবাগত রাতে ওই তিনজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে চোরাই সোনা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঢাকার কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি ফ্ল্যাটের শোবার ঘর থেকে গত ২৮ ডিসেম্বর নার্গিস আক্তারের হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নার্গিসের বড় ভাই সবুজ বাদী হয়ে বোনের স্বামী ইব্রাহিম (৩৮) এবং তার দুই ভাই কামাল মোল্লা (২৬) ও হেলাল মোল্লার (৩০) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।

এসএইচ