বিদেশে মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে সমন জারির বিষয়টি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করতে বলেছেন আদালত।

বিচারিক আদালতে তারেককে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির দিন ধার্যের জন্য মঙ্গলবার হাইকোর্টের কার্যতালিকায় এলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি।

মঙ্গলবার দুদকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান আর তারেকের পক্ষে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী।

ঘুষ থেকে আদায়কৃত ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এই মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেন। আর তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় সাত বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড।

দুর্নীতি দমন কমিশন ওই বছর ৫ ডিসেম্বর তারেকের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করে।

শুনানি শেষে গতবছর ১৯ জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামি তারেক রহমানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

এম এইচ