পেট্টোবাংলার নিয়ন্ত্রীত ১৩ প্রতিষ্ঠানের দুর্নীতি পুন:অনুসন্ধানে কমিটি গঠনের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ঋত্বিক সাহা।
গত সেপ্টেম্বর মাসে দাখিল করা ওই প্রতিবেদনে পেট্টোবাংলার প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক দুর্নীতির সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা এবং জড়িতদের জিজ্ঞাসাবাদ করার প্রস্তাব রয়েছে।
একই সঙ্গে এ বিষয়ে অনুসন্ধানী কার্যক্রমকে প্রভাবমুক্ত রাখতে কমিটি গঠনের সুপারিশ রেখেছেন বলে জানা যায়। আজ রোববার পর্যন্ত এ বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি।
জানা যায়, গত মার্চ থেকে পেট্টোবাংলার ১৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শুরু হয়। গত সেপ্টেম্বরে দুদকের সহকারি পরিচালক শেখ আব্দুস সালাম কর্ণফুলি গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে অনিয়ম, নিয়োগ-বাণিজ্যের প্রমাণ পাওয়ায় পেট্টোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরসহ ১১ জনের বিরুদ্ধে মামলার সুপারিশসহ অনুসন্ধানী প্রতিবেদন দাখিল করেন।
তিনি একই সঙ্গে পেট্টোবাংলার নিয়ন্ত্রিত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি: (জিটিসিএল)র অনুসন্ধান প্রতিবেদনও প্রস্তুত করেন। কিন্তু অদৃশ্য ইশারায় তার কাছে থেকে পেট্টোবাংলার অনুসন্ধানের দায়িত্ব প্রত্যাহার করা হয়।
এরপর এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয় উপ-পরিচালক ঋত্বিক সাহাকে। তিনি প্রাথমিক অনুসন্ধান শেষে সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিয়েছেন।
একে/এসএইচ





