মতিহার থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন সোমবার দুপুরে এ আদেশ দেন।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) সংরক্ষিত ওয়ার্ড-৯ এর কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা সরকারি কাজে বাধাদানের মামলায় জামিন পেয়েছেন।

বিএনপি নেতা মিনুর আইনজীবী রইসুল ইসলাম জানান, মিনু আদলতে দুটি মামলার হাজিরা দেন। সেইসঙ্গে মতিহার থানায় ২০ জানুয়ারি দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে প্রিজনভ্যানে করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মিনুর বিরুদ্ধে ৫ জানুয়ারির পর সাতটি মামলা দায়ের করে পুলিশ। এ সব মামলার মধ্য চারটিতে তিনি জামিন পান।

বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর হাজিরা দেওয়ার খবরে আদালত চত্বরে উপস্থিত হন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রইসুল ইসলাম জানান, ১৩ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় সরকারি কাজে বাধা দানের মামলায় রাসিকের প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. জুলফিকার উল্লাহ জামিন মঞ্জুর করেন। নুরুন্নাহার বেগম এজাহারভুক্ত আসামি না হলেও চার্জশিটে তাকে আসামি করা হয়েছিল।

কেএইচ