বাড়ি দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ভাই মনজুর আহমদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ তারিখ ঠিক করেন। মওদুদের পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী এম এম মহসিন।

প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের বাড়ি দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০১৪ সালের ২৫ মে আদালতে মওদুদ আহমেদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক।

মামলায় অভিযোগ করা হয়, ১৯৬০ সালের ২৪ আগস্টে গুলশান আবাসিক এলাকায় অবস্থিত এক বিঘা ১৩ কাঠা আয়তনের (হোল্ডিং নং ১৫৯) প্লটটি পাকিস্তানি নাগরিক মো. এহসানকে হস্তান্তর করে তৎকালীন ডিআইটি (বর্তমানে রাজউক)। পরে তার স্ত্রী ইনজে মারিয়া ফ্ল্যাজের নামে রেজিস্ট্রি হয়। ফ্ল্যাজও যুদ্ধের পরপর দেশ ত্যাগ করায় সম্পক্তিটি পরিত্যক্ত হিসেবে বিবেচিত হয়। কিন্তু মওদুদ আহমদ উক্ত সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে নিজেকে ফ্ল্যাজের আম মোক্তার দেখিয়ে দখলে নেন এবং নিজেকে ভাড়াটিয়া হিসেবে দেখান। এরপর ১৯৭৯ সালের তিনি সরকারের আসার পর সম্পত্তিটি পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে বাদ দিয়ে ফের ফ্ল্যাজের নামে ১০০ টাকা মূল্যের রেজিস্ট্রি দেখান। ১৯৮৫ সালে ৩০ মে ফ্ল্যাজ মারা গেলেও মহাসিন নামে এক ব্যক্তিকে ফ্ল্যাজের আম-মোক্তার দেখিয়ে মওদুদ আহমেদ তার ভাই মনজুর আহমেদের নামে সম্পত্তি বিক্রয় চুক্তি তৈরি করেন।

এম আর