‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ মার্চ থেকে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদযাপন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি প্রতিরোধের উপর বিশেষ জোর দেওয়ার লক্ষ্য নিয়ে স্বাধীনতার দিন থেকে সপ্তাহব্যাপী সারা দেশে এই কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি। যা ১ এপ্রিলে শেষ হবে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয়ভাবে দেশের সকল জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হবে। ২৬ মার্চ (শনিবার) সকাল সাড়ে ৮টায় দুদক চেয়ারম্যান ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ২৬ মার্চ সকাল পৌনে ৮টায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবারের প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করবেন। আশা করছি এবারের গৃহীত কার্য্ক্রম সকলের সহযোগিতায় ঢাকাসহ সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে জনগণের মাঝে দুর্নীতিবিরোধী নবজাগরণ সৃষ্টি করবে।

এবারের কর্মসূচির বিষয়ে আরো জানা যায়, ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ওই দিন দুপুর থেকে সাড়ে ১২টায় ‍দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে কার্টুন ও পোস্টার প্রদর্শনী শুরু হবে।

পরদিন ২৭ মার্চ (রোববার) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের ছাত্র-ছাত্রীদের সমন্বয় সমাবেশ, শপথ গ্রহণ ও গণসচেতনতা বৃদ্ধিবিষয়ক দুর্নীতি বিরোধী সাংস্কৃতি অনুষ্ঠান। এখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

২৮ মার্চ দুপুর আড়াইটায় দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫ এর বিজয়ী সাংবাদিকদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৯ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় থাকবে দুর্নীতিবিরোধী র্যাালি ও মানববন্ধন। একইভাবে ৩০ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ নিয়ে আয়োজিত বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসদুজ্জামান নূর। এ ছাড়া ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা’ শীর্ষক সেমিনার থাকছে। যেখান উপস্থিত থাকছেন শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান।

সর্বশেষ ১ এপ্রিল শুক্রবার জাতীয় মসজিদসহ সকল মসজিদে প্রাক জুম্মায় দুর্নীতিবিরোধী বক্তব্য প্রদানের মধ্য শেষে হবে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।

এম আর