দুর্নীতির মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত রেলওয়ে পুলিশের সাবেক এসপি মোস্তফা কামালকে জামিন বাতিল করেছে আপিল বিভাগ।তিনি বর্তমানে পুলিশ হেডকোয়াটার্সে দায়িত্বরত।
একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আগামী তিন মাসের মধ্যে এ মামলাটির আপিল শুনানি হাইকোর্টে নিষ্পত্তি করতে উভয়পক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অপরদিকে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
গত ২২ জানুয়ারি মোস্তফা কামালকে জামিন দিয়ে বিচারিক আদালতের দেয়া রায় সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।
গত বছরের ১৯ ডিসেম্বর রেলওয়ে পুলিশের এসপি মোস্তফা কামালকে একটি দুর্নীতির মামলায় যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত।
এস এ পরিবহনের স্বত্ত্বাধিকারী সালাহ উদ্দিন আহমদকে অবৈধভাবে আটক করে ৫০ লাখ টাকা ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার তাকে এই সাজা দেয়া হয়।
হবিগঞ্জের তৎকালীন এসপি মোস্তফা কামালকে কারাদণ্ডের পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। জরিমানার টাকার মধ্যে ৫ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা ও বাকি ২৫ লাখ টাকা মামলার বাদীকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২০০৩ সালের ২০ নভেম্বর এস এ পরিবহনের স্বত্ত্বাধিকারী সালাহ উদ্দিন আহমদ পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল ও হবিগঞ্জের মাধবপুর থানার এসআই ওয়াহেদ মিয়ার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে মামলা করেছিলেন।
[b]ঢাকা, জিই ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]