সিরাজগঞ্জে ট্রেনে হামলা ও ভাঙচুরের চার মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন টুকু। শুনানি শেষে বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা জামিন নামঞ্জুর করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুনানিতে টুকুর পক্ষে অংশ নেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুল ইসলাম।

জানা যায়, ২০১১ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ী রেলক্রসিংয়ের পাশে খালেদা জিয়ার সমাবেশে চলাকালে ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় কর্মী নিহত হয়। এ ঘটনায় বিএনপি কর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরে এই ঘটনায় টুকুসহ ২/৩ হাজার নেতা-কর্মীকে আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়।

ওই মামলায় গত ১০ এপ্রিল টুকু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

এমএনজে