বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)র প্রধান প্রকৌশলীসহ ৬ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের তলবি নোটিশ প্রাপ্ত পিডিবি'র ওই ৬ জনের মধ্যে রয়েছেন, পিডিবি'র বোর্ডের সদস্য তমাল চক্রবর্তী, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) মোঃ মিজানুর রহমান,
প্রধান প্রকৌশলী (উৎপাদন এবং বিতরণ) জালাল উদ্দিন, প্রকল্প পরিচালক সালাহউদ্দিন আল মামুন, প্রধান প্রকৌশলী আক্তারুল ইসলাম এবং সাবেক প্রধান প্রকৌশলী (জেনারেশন) এটিএম নান্নূর রহমান।
নোটিশ প্রাপ্ত পিডিবি'র শীর্ষ স্থানীয় এ ৬ কর্মকর্তাকে আগামী ২৯ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে কোন কারণে ওই সময়ে না আসতে পারলে, পরবর্তিতে কখন আসবেন তা জানাতে বলা হয়েছে। তবে আগামী নভেম্বরের ৯ তারিখের ভেতরে আসতে হবে।
জানা যায়, গত ২৩ অক্টোবর দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপ-পরিচালক হামিদুল হাসান রি-ওয়ারিংয়ের নামে পিডিবি'র প্রায় ৩ হাজার কোটি টাকা লুটপাটের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এ তলবি নোটিস পাঠান।
এরআগে গত ২৩ অক্টোবর পিডিবির প্রধান প্রকৌশলী (উৎপাদন) খালেদ মাহমুদকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন দুদকের ওই কর্মকর্তা।
এদিকে ঘোড়াশালে দুটি বিদ্যুৎ কেন্দ্রে রি-পাওয়ারিং প্রকল্প উৎপাদন কেন্দ্রে তৃতীয় ও ষষ্ঠ ইউনিট রিপাওয়ারিং প্রকল্পের প্রজেক্ট প্রোফাইল (পিপি), পিপি অনুমোদন রেজুলেশন, প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন,
পিপি অনুমোদন বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, টেন্ডার ডকুমেন্ট, টেন্ডার অনুমোদন বোর্ড ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, সুইজারল্যান্ড কনসোর্টিয়াম আলথামস এবং সিএনসি (চায়না)’র সঙ্গে পিডিবি'র চুক্তির নথিপত্র যাচাই বাছাই করছে দুদক।
একে/ এআর





