মতিঝিল থানায় করা পৃথক দুটি মামলায় বিএনপির পাঁচ নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ও চেয়ারপারসনের বিশেষ সহকারি শিমুল বিশ্বাস।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
গত ৭ নভেম্বর রাতে বিএনপির এই নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় এই পাঁচ নেতা হাইকোর্টে জামিনের আবেদন জানান।
তাঁদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। তাঁদের সহায়তা করেন আইনজীবী সগীর হোসেন ও এহসানুর রহমান।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে আবদুল আউয়াল মিন্টুর এহসানুর রহমান বলেন, তার মক্কেলের বিরুদ্ধে থাকা পাঁচ মামলার মধ্যে তিনটিতে তিনি নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। বাকি দুটিতে আজ জামিন পেলেন। তাই তাঁর কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই।
তবে, আটক বিএনপির অপর চার নেতার বিরুদ্ধে আরও তিনটি মামলা চলমান থাকায় তাদের আপাতত জেল থেকে বের হবার কোন সম্ভাবনা নেই।
অপরাধ
মওদুদসহ বিএনপির পাঁচ নেতার জামিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,এমকে আনোয়ার,চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ও চেয়ারপারসনের বিশেষ সহকারি শিমুল বিশ্বাসকে মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় জামিন দিয়েছেন আদালত।





