ওয়ান ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার ইনচার্জ মুজতবা এম কাজমীসহ ৬ কর্মকর্তাকে আনন্দ শিপইয়ার্ডের এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের উপ পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন টিম সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ওয়ান ব্যাংকের ওই ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ করেন।
এ ৬ কর্মকর্তার মধ্যে রয়েছেন; ওয়ান ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার ইনচার্জ মুজতবা এম কাজমী, প্রিন্সিপাল অফিসার খালেদ আল ফেসানী, সিনিয়র ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী আসিফ মাহমুদ খান, সিনিয়র ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী মাহবুব হাসান, অফিসার মার্কেটিং আবু সাদাত মো. সাহেদ এবং প্রিন্সিপাল অফিসার মার্কেটিং মো. আনিসুজ্জামান।
এদিকে গতকাল ২ ফেব্রুয়ারি সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওয়ান ব্যাংকের আরো ৫ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরমধ্যে রয়েছেন; ডিমডি জোহরা বিবি, প্রিন্সিপাল অফিসার জামিল হোসেন,ভাইস প্রিন্সিপাল (মার্কেটিং) মো. আবু সালেহ, সিনিয়র ভাইস প্রিন্সিপাল রোজিনা আলিয়া আহমেদ এবং সিনিয়র ভাইস প্রিন্সিপাল মো. আফতাব উদ্দিন খান।
দুদকে অভিযোগ রয়েছে, বিদেশে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দুদক অনুসন্ধানে নেমেছে। আনন্দ শিপইয়ার্ডের ১৩ শত কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে দুদক একটি শক্তিশালী টিম গঠন করে। তবে ইতোমধ্যে বেশ কয়টি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদকের এ টিম।
একে/এএইচ





