৭১এর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঘোষিত রায়ের বিরুদ্ধে করা আপিলের আনুষ্ঠানিক শুনানি মঙ্গলবার শেষ হয়েছে।
স্বাধীনতার পর পর বিচারিক আদালতে দায়ের হওয়া পিরোজপুরের ইব্রাহিম কুট্টি হত্যা মামলার নথি তলব বা তদন্তের বিষয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের পৃথক পৃথক আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ।
ইব্রাহিম কুট্টি হত্যা মামলায় আসামিপক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। এর জবাবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মঙ্গলবার আপিল শুনানির ৪৯তম দিনে রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এএসএম শাহজাহান।
মুক্তিযুদ্ধ চলাকালে যে দু’টি হত্যার দায়ে ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন,তার মধ্যে একটি ইব্রাহিম কুট্টি হত্যা। আসামিপক্ষ আবেদন জানিয়েছেন,বিচারিক আদালতের ওই ইব্রাহিম কুট্টি হত্যা মামলার আসামিই ছিলেন না সাঈদী।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আসামিপক্ষের জমা দেয়া মামলার নথি ও ডকুমেন্ট জাল,মিথ্যা এবং মামলার প্রয়োজনে সৃজনকৃত বলে উল্লেখ করে এসব কাগজ বিবেচনায় না নেয়ার আবেদন করেছেন। এ বিষয়ে বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ।
গত ২৫ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বিভাগে আসামিপক্ষ তাদের যুক্তির্তক উপস্থাপন করে।
গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলায় প্রথম আপিল শুনানি শুরু হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৮ মার্চ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল দাখিল করে।
[b]ঢাকা, কেএ, ১৫ এপ্রিল (টাইমনিউজ.বিডি) // জেএ[/b]





