আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায়ের দিন বুধবার ধার্য করার পর জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে মাওলানা নিজামীর আপিল শুনানি শুরু হয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুরুতে মাওলানা নিজামীর আপিলের পেপার বুক থেকে পড়া শুরু করেন তার আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো: শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার শুনানি অসমাপ্ত অবস্থায় আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর মাওলানা নিজামী আপিল আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় ১০ নম্বরে ছিল। আপিল আবেদনের সঙ্গে মাওলানা নিজামীর দুই আইনজীবীকে হয়রানি না করতে এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা না দেয়া হয় সে ব্যাপারে নির্দেশনা চেয়ে আরো একটি আবেদন ছিল।

তবে আদালত ৩ নভেম্বর মাওলানা নিজামীর আপিলের শুনানির দিন ধার্য করলেও ওই দিন আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি অনুপস্থিত থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।

গত বছরের ২৩ নভেম্বর মাওলানা নিজামীর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দায়ের করেন তার আইনজীবীরা। ১২১ পৃষ্টার মূল আপিল আবেদনে ১৬৮টি যুক্ত দেখিয়ে মাওলানা নিজামীর খালাস চাওয়া হয়। আবেদনে ৬ হাজার ২৫২ পৃষ্ঠার দলিল দস্তাবেজ জমা দেয়া হয়।

গত বছরের ২৯ অক্টোবর মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মাওলানা নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বায়ের করা মানবতাবিরোধী অপরাধের মোট ১৬টি অভিযোগের মধ্যে ৮ টিতে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে ৪টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং অপর ৪টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাকি ৮টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাওলানা নিজামীকে অভিযোগগুলো থেকে অব্যাহতি দেয়া হয়।

এমকে