মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে স্বাস্থ্যসম্মত (আরামদায়ক) গাড়ি বরাদ্দের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। কাশেম আলীকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেয়া করতে ওই স্বাস্থ্যসম্মত গাড়ি ব্যবহার করতে হবে।
এর আগে স্বাস্থ্যসম্মত গাড়ি ব্যবহারের অনুমতির জন্য ট্রাইব্যুনালে একটি আবেদন করেন মীর কাশেম আলীর ছেলে ও আইনজীবী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।
শুনানিতে আহমেদ বিন কাসেম বলেন,২৭ জানুয়ারি আসামিপক্ষের এক আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী মীর কাশেমকে আনা-নেয়ার জন্য প্রিজন ভ্যানের বদলে একটি মাইক্রোবাস দিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে ওই মাইক্রোবাসটি অত্যন্ত নিম্নমানের।
তিনি আরো বলেন,ডিভিশনপ্রাপ্ত অনেক আসামিকে আদালতে আনা-নেয়ার সময় আসামিপক্ষের খরচে গাড়ির ব্যবস্থা করা হয়ে থাকে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে এজন্য আদালতের আদেশ প্রয়োজন হয়।
মঙ্গলবার শুনানির পরে এ বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। জামায়াতের এই শীর্ষ নেতার বিরুদ্ধে এই পর্যন্ত মোট ৭ জন সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেছেন। পরে তাদের জেরার কার্যক্রম শেষ করেছেন আইনজীবীরা। মামলার পরবর্তী শুনানি আগমী ২৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিড.কম ) // কেএইচ[/b]