দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে খালাসপ্রাপ্ত রেলওয়ে পুলিশের এসপি মোস্তফা কামাল এখনই চাকরিতে যোগদান করতে পারবেন না জানিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।তার বিরুদ্ধে করা আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিতে যোগ দিতে পারবে না বলে জানাযায়।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যর আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে এসপি মোস্তফা কামালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। অপরদিকে এসএ পরিবহনের পক্ষে শুনানি করেন বিচারপতি টিএইচ খান।
গতবছরের ১৯ ডিসেম্বর রেলওয়ে পুলিশের এসপি মোস্তফা কামালকে একটি দুর্নীতির মামলায় যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত।
৪ জুন দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত রেলওয়ে পুলিশের এসপি মোস্তফা কামালকে খালাস দেন হাইকোর্ট।
এস এ পরিবহনের স্বত্ত্বাধিকারী সালাহ উদ্দিন আহমদকে অবৈধভাবে আটক করে ৫০ লাখ টাকা ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার রায়ে মোস্তফা কামালকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডবিধির ৪০৯ ধারায় সরকারি কর্মকর্তা হয়েও বিশ্বাসভঙ্গের অভিযোগে তাকে যাবজ্জীবন (৩০ বছর) এবং দণ্ডবিধির ১৬১, ১৬৭ ও দুর্নীতি দমন আইনের ৫(২) প্রমাণিত হওয়ায় আরও ৫ বছরের সাজা দেওয়া হয়।
হবিগঞ্জের তৎকালীন এসপি মোস্তফা কামালকে আদালত ৩৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। জরিমানার টাকার মধ্যে ৫ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা ও বাকি ২৫ লাখ টাকা মামলার বাদীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঢাকা,কেএ ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





