রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগে অনিয়মের মামলায় বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক সমাজকল্যান কর্মকর্তা গোলাম কিবরিয়াকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। একইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন দুদক কর্মকর্তা।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম আতাউর রহমানের আদালতে এসব আবেদন করা হয়।
দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ বলেন, শ্যোন অ্যারেস্টের অনুমতি দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের বিষয়ে আদালত কোন আদেশ দেননি।
এদিকে রেলওয়ের ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিয়েছেন রেলের ডিভিশনাল পার্সোনাল অফিসার মো. মোফাজ্জল হোসেন। আগামী ২ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত।
সাক্ষ্যগ্রহণের সময় আদালত উপস্থিত ছিলেন মামলার আসামি ইউসুফ আলী মৃধা, গোলাম কিবরিয়া এবং সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর নগরীর কোতয়ালী থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে দুদক।
উল্লেখ্য ২০১২ সালের ৯ এপ্রিল সুরঞ্জিতের এপিএসের গাড়িতে ৭০ লাখ টাকা পায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা। এ সময় ওই গাড়িতে অভিযুক্ত ওই দু’জন ছাড়াও রেলের নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট এনামুল হকও ছিলেন। সে রাতে ফারুকের গাড়ি চালক আলী আজম বিজিবি দফতরে টাকাসহ গাড়িটি ঢুকিয়ে দেন। ঘটনার পরদিন থেকে আলী আজম ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ আছেন।
পরে ওই ঘটনার জেরে রেলমন্ত্রীর পদ ছাড়েন সুরঞ্জিত। বরখাস্ত হন ফারুক, মৃধা ও এনামুল।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





