মাওলানা সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। প্রথম দফায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।
এদিকে হরতালের প্রথম দিনে রাজধানীর আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে আদলতের কার্যক্রম। আইনজীবীরাও যথাসময়ে আদালতে এসে উপস্থিত হয়েছেন।
সুপ্রীম কোর্টের প্রধান ফটকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে জলকামানসহ পুলিশের এপিসিও রাখা হয়েছে ওই এলাকায়।
পুলিশ জানিয়েছে, হরতালে জামায়াত-শিবির আদালতপাড়ায় নাশকতা করতে পারে এমন আশঙ্কায় সুপ্রীম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত অপ্রিতিকর কোন ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।
বুধবার সকালে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আপিল বিভাগের রায়ে প্রমাণিত হয়েছে সাঈদীর বিরুদ্ধে ৫টি অভিযোগ। এর মধ্যে ৩টিতে (১০, ১৬ ও ১৯ নম্বর) আমৃত্যু, একটিতে (৮ নম্বর) ১২ বছর ও একটি অভিযোগে (৭ নম্বর) ১০ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে সাঈদীকে।
ঢাকা, কেএ,১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





