বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়িকা সুচিত্রা সেনের পাবনার গোপালপুরের পৈতৃক বাড়িতে স্থাপিত ইমাম গাজ্জালী ইনস্টিটিউট উচ্ছেদে বাধা নেই সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

আপিল বিভাগ থেকে বৃহস্পতিবার ৬৭ পৃষ্ঠার এ রায়ের কপি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

‘দ্রুততম সময়ের মধ্যে সুচিত্রা সেনের বাড়িতে স্থাপিত ইমাম গাজ্জালী ট্রাস্ট উচ্ছেদ করতে বিবাদীদেরকে নির্দেশ দেয়া হয়েছে’রায়ে। একই সঙ্গে সুচিত্রা সেনের সংগ্রহশালা সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আদেশ দেয়া হয়েছে বলে জানা যায়।

গত ৪ মে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ ইমাম গাজ্জালী ট্রাস্টের করা লিভ টু আপিল খারিজ করে আদেশ দেয়।

সুচিত্রা সেনের বাড়ি রক্ষা ও ‘সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা’নির্মাণ করতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেয়ায় গাজ্জালী ট্রাস্ট উচ্ছেদে কোনো বাধা নেই।

আপিল বিভাগের আদেশের ফলে সেখানে থাকা ইমাম গাজ্জালী ইনস্টিটিউটকে উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

তিনি বলেন,আপিল বিভাগের এ আদেশের ফলে প্রায় ২২ শতাংশ জায়গা জুড়ে থাকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি রক্ষা,সংরক্ষণ ও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নির্মাণে হাইকোর্টের দেয়া রায় বহাল রইলো এবং গাজ্জালী ইনস্টিটিউট উচ্ছেদ করতে কোনো বাধা নেই।

জানা গেছে, সুচিত্রা সেনের পৈতৃক ওই বাড়িটি ইমাম গাজ্জালী ইনস্টিটিউটকে ১৯৮৭ সালে এক বছরের জন্য লিজ দেয়া হয়। এরপর ২০০৯ সালের ২২ জুন ইনস্টিটিউটটিকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়। কিন্তু ইনস্টিটিউট উচ্ছেদ না করে নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ইনস্টিটিউটের পক্ষ থেকে ওই বছরই হাইকোর্টে রিট করা হয়।

রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল দেন। চূড়ান্ত শুনানি শেষ করে ২০১১ সালের ১৮ আগস্ট হাইকোর্ট রিট আবেদন খারিজ করে রায় দেন। একই সঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নির্মাণে সরকারের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান বিবেচনা করে সুচিত্রা সেনের জন্মস্থান রক্ষা ও সংরক্ষণ করতে বলা হয়।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১১ সালে ইনস্টিটিউটের ট্রাস্টি আইয়ুব হোসেন খান আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। লিভ টু আপিলের শুনানি শেষ বৃহস্পতিবার আদালত তা খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখলেন।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অপরদিকে গাজ্জালী ইনস্টিটিউটের লিভ টু আপিলের পক্ষে এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। আপিল বিভাগে ইতোপূর্বে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুনানি করতেন। তিনি দেশের বাইরে থাকায় এ জে মোহাম্মদ আলী নতুন করে শুনানি করেন।

 ঢাকা, কেএ, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ