ঢাকা মিল ব্যারাকের কমান্ডেন্ট পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুর সোয়া ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক মোঃ হামিদুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জানা যায়, এসপি মিজানুর রহমানের নামে রাজধানীর মাতুয়াইল, রায়েরবাগ ও সাভারে তিনটি সার কারখানা রয়েছে। নামে-বেনামে কোটি কোটি টাকার মূল্যের সম্পদ গড়েছেন।
সরকারি চাকরির পাশাপাশি তিনি ব্যবসা ও নানাবিধ তদবিরের সঙ্গে জড়িত। অনুসন্ধান পর্যায়ে এর আগে তাকে দু’বার জিজ্ঞাসাবাদ করা হয়।
জানা যায়, ঢাকা মিল ব্যারাকের কমান্ডেন্ট মিজানুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ২০১২ সালে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।
চট্টগ্রামে বদলি হয়ে যাওয়া উপ-পরিচালক গোলাম মোরশেদ এ অনুসন্ধান করেন। পরে অনুসন্ধান করেন উপ-পরিচালক এসএম ফজলুল হক।
তারা দু’জনেই অভিযোগ নথিভুক্তির সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু কমিশন সুপারিশ আমলে না নিয়ে পুন:অনুন্ধানের জন্য পাঠায়।
ইতিপূর্বের অনুসন্ধানে মিজানুর রহমানের নামে কেনা অন্তত দেড় কোটি টাকার সম্পত্তির দলিল সাব-রেজিস্ট্রি অফিস সরবরাহ করলেও ওই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হয়নি। ফলে কমিশন নথিভুক্তির সিদ্ধান্ত নেয়নি।
একে/এসএইচ





