জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এই দিন নির্ধারণ করেন।

ওই আদালতে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি জানিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এমবি