শহীদ হামজা ব্রিগেডকে ১ কোটি ৮ লাখ টাকা অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীর জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল হুদা এ আদেশ দেন।

এর আগে গত বুধবার এ আদালতে শুনানির কথা থাকলেও সন্ত্রাস দমন আইনের ২৩ ধারায় দেয়া আসামিদের জবানবন্দির রেকর্ডপত্র আদালতে সঠিক সময়ে উপস্থাপন না হওয়ায় শুনানি পিছিয়ে রোববার ধার্য করেন বিচারক।

হাটহাজারী ও বাঁশখালী থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের দুই মামলায় সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন এবং ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনের জামিন আবেদন করা হয়েছিল আদালতে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন,ম্যাজিস্ট্রেট আদালতে কয়েক দফা জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় আমরা জেলা ও দায়রা জজ আদালতে গত বুধবার হাটহাজারী ও বাঁশখালীর দুই মামলায় শাকিলাসহ তিনজনের পৃথক জামিন আবেদন করেছিলাম। আদালত জামিন না মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৮ আগস্ট মোট ১ কোটি ৮ লাখ টাকা জঙ্গি অর্থায়নের অভিযোগে ঢাকার ধানমন্ডি থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন এবং ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেফতার করেছিল র‌্যাব।

পরবর্তীতে দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তিন আইনজীবী আদালতে দুই দফা জবানবন্দি দিলেও তারা সরাসরি জঙ্গি অর্থায়নের বিষয়টি স্বীকার না করে মক্কেলের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়েছেন বলে জানিয়েছিলেন।

এআর