মোহাম্মদপুর থেকে গ্রেফতার জামায়াতের ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ গ্রেফতারকৃত ১৯ নেতাকর্মীকে আদালতে নেওয়া হয়েছে।

রোববার দুপুরে তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম আদালতের কাছে তাদের ১০ দিনের রিমান্ড চেয়েছেন। তবে আদালত এখনো এব্যাপারে কোনো আদেশ দেননি।

এর আগে মোহাম্মদপুর থানায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৬।

মামলার বাকি আসামিরা হলেন, জামায়াতের মোহাম্মদপুর থানা শাখার আমির জিয়াউল হাসান, ৪৪ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাহবুবুর রহমান। কর্মী মনির হোসেন, ইউসুফ, ইব্রাহীম মনির, মাজহারুল ইসলাম হীরা, আবদুল হালিম , নূর আমীন, মনির হোসেন, মুশফিক। সমর্থক আব্বাস মিয়া , কামরুল হাসান , ছগীর, লোকমান হোসেন, সৈয়দ আহম্মদ আলী, ইব্রাহিম, আল-আমিন এবং মাহে আলম।

শনিবার সন্ধ্যার দিকে জামায়াত নেতারা মোহাম্মাদপুর এলাকার জাকির হোসেন রোডের একটি বাসায় বৈঠক করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদের আটক করেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই